
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা ‘অপারেশন সিঁদুর’ নির্মাণের আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন কার্তিক। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলতি বছরের শুরুতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক ভূষণ কুমার সিনেমাটির ঘোষণা দেন।
২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারতের পরিচালিত সামরিক অভিযানের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে কার্তিকের চরিত্র ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ‘অপারেশন সিঁদুর’-এর কাজ শুরুর আগে পরিচালক শিমিত আমিনের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমার শুটিং শেষ করার কথা রয়েছে তাঁর। ২০১৫ সালে ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতের পরিচালিত ‘অপারেশন রাহাত’ অভিযান অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।
এদিকে, কার্তিকের ‘নাগজিলা’ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক অনুরাগ বসুর সঙ্গে তাঁর পরবর্তী সিনেমাটি একই বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে আসতে পারে। ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত। অন্যদিকে, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করে অভিনেতা হওয়ার স্বপ্নপূরণের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করেন তিনি।