
বন্ধুত্বের টানে একসঙ্গে ঘুরতে বের হয়েছেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাফা কবির, সাঈদ জামান শাওন ও মুমতাহিনা টয়া। ছুটির আমেজে তাঁদের এই ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ছিল তৌসিফের জন্মদিন। জন্মদিনের পরদিন বুধবার এক পোস্টে ভ্রমণের কথা জানান তিনি। বিমানে তোলা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘বন্ধু, জীবন, ভ্রমণ আর জন্মদিন।’
বিদেশে নয়, দেশেই ঘুরতে গেছেন তাঁরা। বর্তমানে তাঁদের অবস্থান সিলেটের নাজিমগড় লালাখালে। সেখান থেকে মনোরম প্রাকৃতিক দৃশ্য ও লেকে নৌকাভ্রমণের মুহূর্তের ছবি প্রকাশ করেছেন সাফা কবির। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লেক ডেইজ, হ্যাপি ফেসেস’। ছবিতে বন্ধুদের হাসিমুখ ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে।
তৌসিফ, সাফা, শাওন ও টয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। শাওন ও টয়া বাস্তব জীবনেও বিবাহিত দম্পতি। এবারের ভ্রমণের ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই তাঁদের বন্ধুত্বের প্রশংসা করেছেন এবং শুভকামনা জানিয়েছেন। বন্ধুদের সঙ্গে কাটানো অবসর সময়ের এসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁরা।