
বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন মানেই মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ভিড়। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে জড়ো হন অনুরাগীরা। তবে এবার ৬১তম জন্মদিনে ভক্তদের সঙ্গে তাঁর চিরচেনা সাক্ষাৎ নাও হতে পারে। এনডিটিভির সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকায় জন্মদিনে মুম্বাইয়ে থাকার সম্ভাবনা কম শাহরুখের।
বর্তমানে ‘কিং’ সিনেমার একাধিক গানের শুটিং চলছে। মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গানের দৃশ্য ধারণের পর আরেকটি গানের শুটিং করতে লন্ডনে যাওয়ার কথা রয়েছে অভিনেতার। তবে সূত্রের দাবি, আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির আগে ভক্তদের সঙ্গে আলাদা একটি সাক্ষাৎ-অনুষ্ঠানের আয়োজন করতে পারেন তিনি। গত দুই বছর ধরে জন্মদিনে মান্নাতের বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার পরিবর্তে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ। সংস্কারকাজ চলায় বর্তমানে মান্নাতেও থাকছেন না তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ একজন অভিজ্ঞ আততায়ীর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সিনেমাটিতে তাঁর মেয়ে সুহানা খানসহ দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও আরশাদ ওয়ারসির মতো অভিনয়শিল্পীরা রয়েছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ফলে জন্মদিনে শাহরুখের দেখা না পেলেও সিনেমা মুক্তির আগে আয়োজিত সম্ভাব্য অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকতে পারেন ভক্তরা।