
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পুষ্পপাড়া হাটের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন তাঁরা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে।
পাবনার পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।