
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিনিময়ের ঘটনায় সৈনিক মোঃ তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঙ্গীখালীর পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে বলে খবর পাওয়া যায়। পরে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে পৌঁছালে পাচারকারীরা গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে সিএমএইচ রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।