
কুষ্টিয়ার কুমারখালীতে প্রাইভেট পড়তে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. শাকিলুর রহমান (৪০) নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় কুমারখালী থানায় মামলাটি করেন। অভিযুক্ত শিক্ষক কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক এবং মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার গোলাম রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় শিক্ষকের ভাড়া বাসায় ইংরেজি বিষয়ের সাজেশন্স নিতে যায় ওই ছাত্রী। প্রাইভেট শেষে অন্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে ছাত্রীকে একা পেয়ে জড়িয়ে ধরা ও অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায় শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে সামান্য স্পর্শ লেগেছিল, এর বাইরে কিছু ঘটেনি।