November 7, 2026, 4:34 pm

কর্মসূচি নিয়ে বিরোধে জামালগঞ্জে বিএনপির সংঘর্ষ, আহত ১০

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি ও মিছিল বের করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিক।

মাসুম মাহমুদ তালুকদারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের মিছিলের পথ আটকে হামলা চালিয়েছেন। এতে তাদের তিন থেকে চারজন আহত হয়েছেন। অন্যদিকে জুলফিকার চৌধুরীর দাবি, তারা মিছিল শেষে পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষ সেখানে মিছিল ও স্লোগান দিলে উত্তেজনা ছড়ায়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পর সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার