November 7, 2026, 4:34 pm

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

অভয়নগর প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হওয়ার পর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি পক্ষ সেখানে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়িয়ে পড়েন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, দিবসটি উপলক্ষে দুই পক্ষের পৃথক কর্মসূচি ছিল। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা থাকলেও পরে তারা সংঘর্ষে জড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে শান্ত রয়েছে।



ফেসবুক কর্নার