
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালিতে হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তিনি র্যালির উদ্বোধন করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
র্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও অংশ নেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এতে যোগ দেন। বিএনপি জানিয়েছে, দীর্ঘ ২০ বছর পর দলটি নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেও দলটি কর্মসূচি পালন করছে।