সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ শোক জানানো হয়।
শোকবার্তায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেন। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।