November 7, 2026, 4:26 pm

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর

শেখ নাসির উদ্দীন, খুলনা:

 

খুলনা নগরীর পিটিআই মোড় এলাকায় অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হকিস্টিক ও চাইনিজ কুড়াল নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় প্রতিষ্ঠানের রিসিপশন, মালিকের কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। পাশাপাশি রিসিপশনে কর্মরত এক নারী কর্মীর ব্যবহৃত টেকনো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির মালিক মাসুম বিল্লাহ (৩৮) ও ম্যানেজার জাহিদুল ইসলামের বরাত দিয়ে জানা যায়, হামলায় একটি এফজেড মোটরসাইকেল, দুটি এসি, দুটি কাচের দরজা, দুটি কম্পিউটার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠলেও এর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পিটিআই মোড় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়ে সংশ্লিষ্টদের তথ্য জানার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার