
দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত পদার্থ মেশানো স্পিড পান করিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে নববধূ ও তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান শাহাদৎ হোসেন (২২)। তিনি উপজেলার জোতবানী ইউনিয়নের ধনসাডাঙ্গা গ্রামের মো. জাকেরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা স্ত্রী তামান্না (১৯), তাঁর বাবা-মা, বোন ও এক দোকানকর্মীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। বাদীর অভিযোগ, বিয়ের পর তামান্নার সঙ্গে মশফিকুর নামে এক যুবকের পূর্বের প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারেন তাঁরা। গত ১১ অক্টোবর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে বিরোধের সৃষ্টি হয়। পরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তামান্নার দেওয়া স্পিড পান করার পর শাহাদৎ অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে পৌঁছে বমি ও পাতলা পায়খানার পর তিনি জ্ঞান হারান। হাসপাতালে পরীক্ষায় তাঁর শরীরে প্যারাকোয়াট বিষক্রিয়া শনাক্ত হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও তাঁকে বাঁচানো যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।