
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত কর্মসূচি থেকে অভিযুক্ত শিক্ষককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক জাহিদ হাসানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে রবিবার অভিভাবক ও সাধারণ নাগরিকরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রাজপথে অবস্থান নেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।