
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিজিএফের চাল বিতরণে অসঙ্গতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। এর আগে ৫ নভেম্বর সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ৪ নম্বর বাহাগিলী ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণে অসঙ্গতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি সদস্যদের অনাস্থার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের মার্চে চেয়ারম্যান লিপটনকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে হাইকোর্টে রিট পিটিশনের মাধ্যমে বরখাস্তের আদেশ বাতিল হলে তিনি পুনরায় চেয়ারম্যান পদ ফিরে পান।