November 8, 2026, 4:34 pm
শিরোনাম :

কাভানের জোড়া গোলে টরন্টোকে হারাল ফিলাডেলফিয়া

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভানের জোড়া গোল ও তাঁর বড় ভাই কুইন সুলিভানের এক গোলে টরন্টো এফসিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচে কুইন একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন। দুই ভাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটি। এই জয়ে এমএলএস কাপ প্লে-অফের তিন ম্যাচের সিরিজে সরাসরি জায়গা নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া।

ম্যাচের ২৮ মিনিটে কাভানের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। কুইন সুলিভানের শুরু করা আক্রমণ থেকে ইন্ডিয়ানা ভাসিলেভের পাসে ফাঁকা জালে বল পাঠান কাভান। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুইন। প্রথমার্ধের যোগ করা সময়ে জশ সার্জেন্টের গোলে ব্যবধান কমায় টরন্টো। তবে ৫৮ মিনিটে কুইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন কাভান।

ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ব্রুনো দামিয়ানি। একই ম্যাচে একই ক্লাবের হয়ে দুই ভাইয়ের গোল করার ঘটনা এমএলএসের ইতিহাসে তৃতীয়বার। এর আগে গঞ্জালো ও ফেদেরিকো হিগুয়েইন এবং দিয়েগো ও ইয়িমি চারা এই কীর্তি গড়েছিলেন। ৫০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।



ফেসবুক কর্নার