
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, শ্রমিকের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই শ্রমিকদের বঞ্চিত করে কোনো অর্থনীতি টেকসই হতে পারে না। পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ইনসাফ নিশ্চিত করে মানসম্মত জীবনযাপনের উপযোগী বেতন-ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাজীপুর জেলা শাখা আয়োজিত ‘গাজীপুর ওলামা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটে পীর সাহেব চরমোনাই বলেন, পোশাকশ্রমিকেরা বর্তমান বেতন-ভাতায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাঁদের অনেকের পক্ষে নিয়মিত মাছ-মাংস কেনাও সম্ভব হচ্ছে না। ব্যবসায়ী ও মালিকপক্ষের স্বার্থের পাশাপাশি খেটে খাওয়া মানুষের জীবনমানের বিষয়টিও সরকারকে বিবেচনায় নিতে হবে।