November 8, 2026, 4:56 pm
শিরোনাম :

কুড়িগ্রামে টাউন হলের কেয়ারটেকার হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

অভয়নগর প্রতিদেক

 

কুড়িগ্রাম পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলী (৬০) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. শাহ নেওয়াজ ওরফে সানিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কাঁচিও উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রংপুর রেঞ্জ পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনায় কুড়িগ্রাম থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে মনসুর আলী টাউন হল বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) খাবার নিয়ে সেখানে যান। অভিযোগ অনুযায়ী, শাহ নেওয়াজ সানিসহ অজ্ঞাতনামা ২-৩ জন হলরুমে প্রবেশের চেষ্টা করলে মনসুর আলী বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে সানি ধারালো কাঁচি দিয়ে তাঁকে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে গিয়ে মল্লিকা বেগমও আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলীর মৃত্যু হয়। তাঁর স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. সুমি বেগম বাদী হয়ে শাহ নেওয়াজ সানি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মামলা করেন। ৭ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৯। দণ্ডবিধির ৩০২, ৩২৩, ৩২৬ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার সানি পৌরসভার হিঙ্গনরায় সরদারপাড়া এলাকার মো. জুলহাস আলমের ছেলে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার