
কুষ্টিয়া ও আশপাশের এলাকায় অভিনব কৌশলে প্রতারণা করে স্বর্ণালঙ্কার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূল হোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাইম হোসেন, পারভীনা খাতুন, ইন্তদুল হক, তরিকুল ইসলাম, মিজানুর রহমান ও রেখা খাতুন। তাঁদের সবার বাড়ি গাংনীর হোগলবাড়িয়া এলাকায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলা পুলিশ গাংনী থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে পথচারী, সহজ-সরল মানুষ ও বিপদে পড়া যাত্রীদের টার্গেট করে বিশেষ কৌশলে মানসিকভাবে আচ্ছন্ন করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিত।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অতীতে কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় তারা কী ধরনের অপরাধ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের প্রতারণা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।