
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ বাংলাদেশ। এ কার্যক্রমে নারী শান্তিরক্ষীরাও ক্রমাগত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নারী শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি। ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। পাশাপাশি বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন, নেতৃত্ব বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম সম্পর্কে জানবেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ও মানবিক সংকট মোকাবিলায় কাজের অংশ হিসেবে তাঁর এ সফর। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।