সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্যে জিম্মি হয়ে পড়েছেন উপকূলের জেলে ও বাওয়ালিরা। বনে প্রবেশ করলেই হত্যার হুমকি, অপহরণ ও নির্যাতনের আতঙ্কে দীর্ঘদিন ধরে মাছ ও বনজ সম্পদ আহরণ করতে পারছেন না তাঁরা। এতে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম খাদ্যসংকটে পড়েছেন হাজারো বনজীবী। বনদস্যুদের দ্রুত নির্মূল এবং নিরাপদে সুন্দরবনে প্রবেশের নিশ্চয়তার দাবিতে এবার খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁরা।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপকূলের বিভিন্ন এলাকার জেলে-বাওয়ালিরা নৌযান নিয়ে অংশ নেন। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামাতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জেলেরা।
সমাবেশে জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বনদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করলেও কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। উল্টো আন্দোলনের খবর ও ছবি দেখে সুন্দরবনের ভেতর থেকে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে। এমনকি বনে প্রবেশ করতে নিষেধ করছে। এতে জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়ার সাহসও হারিয়ে ফেলেছেন তাঁরা।
জেলে সবুর আলী বলেন, “দিনের পর দিন আমরা না খেয়ে আছি। সুন্দরবনে গেলে বনদস্যুরা মেরে ফেলবে এই ভয়ে বনে যেতে পারছি না। প্রশাসনকে বারবার জানিয়েও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। পরিবার নিয়ে এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটছে।”
আরেক জেলে ওমর ফারুক বলেন, “সরকার বনদস্যুদের নির্মূল করুক, অন্যথায় আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক। আমরা বনে যেতে পারছি না, আবার অন্য কোনো কাজও নেই। এভাবে দিনের পর দিন না খেয়ে বেঁচে থাকা অসম্ভব। আন্দোলনের ছবি দেখে বনদস্যুরা আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুর্দশার কথা তুলে ধরা হবে। পাশাপাশি প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, “বনদস্যু নির্মূলের দাবিতে আজ নবম দিনের মতো আমাদের আন্দোলন চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে-বাওয়ালিদের দাবির সঙ্গে বন বিভাগ একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় বন বিভাগ প্রস্তুত রয়েছে। বনদস্যু নির্মূলে কয়েকটি বাহিনী কাজ করছে। তাদের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার জন্যও বন বিভাগ প্রস্তুত রয়েছে।
সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলের হাজারো মানুষের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান এবং জেলে-বাওয়ালিদের নির্বিঘ্নে বনে প্রবেশের পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।