
সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি খায়রুল আলম সুমন ও শেখ লুৎফুর রহমান। সঞ্চালনা করেন জহুরুল ইসলাম।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহিন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ তাঁদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের শাস্তি দাবি করেন। পাশাপাশি সাগর-রুনিসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সাংবাদিক বদরুর রহমান বাবরের ছেলেকে টিলা কাটার সংবাদ প্রকাশের জেরে মামলায় জড়ানোর অভিযোগের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এতে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন।