
মাদারীপুরের শিবচরে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কিশোর অর্ণবের। সন্তানকে ফিরে পেতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা হিরা-হিরু দম্পতি। প্রতিটি মুহূর্ত কাটছে ছেলের ফিরে আসার অপেক্ষায়।
পরিবারের দাবি, শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরগুপ্তের কান্দি গ্রাম থেকে নিখোঁজ হয় কিশোর অর্ণব। এ ঘটনায় তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন তার বাবা-মা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন একটি পরিত্যক্ত ঘরে এক মেয়েসহ অর্ণবকে দেখতে পান এলাকাবাসী। পরে তাদের আটক করার অভিযোগ ওঠে। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই মেয়েসহ একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে স্থানীয়দের বক্তব্য ও পরিবারের দাবির মধ্যে ভিন্নতা রয়েছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ১০ দিন পেরিয়ে গেলেও অর্ণবের কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। দ্রুত অর্ণবকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।