
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ফেনীর আলোচিত চার ভিকটিম অপহরণ মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংগীখালী জুম্মাপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) এবং আবু বক্করের ছেলে নবী হোসেন (৩৪)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই ফেনীর বহুল আলোচিত চার ভিকটিম অপহরণ মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। মামলার পর থেকে তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন, পলাতক আসামিদের গ্রেপ্তার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।