
পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরবকে (১৪) মারধরের অভিযোগ উঠেছে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। আহত নিরবকে রাত ১০টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত সে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকেরা তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিলে পরিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যায়। শিক্ষার্থী ও পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে শিক্ষকের কাছে প্রাইভেট পড়া বন্ধ করার পর থেকেই বিভিন্ন অজুহাতে তাকে মারধর করা হচ্ছে। এর আগেও দুই দফায় মারধরের অভিযোগ রয়েছে।
নিরবের অভিযোগ, সর্বশেষ শ্রেণিকক্ষে পেছনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর দুষ্টুমির দায়ে শিক্ষক তাকে স্কেল দিয়ে ১০টি আঘাত করেন এবং ঘাড়ের পাশে থাপ্পড় মারেন। তার বাবা জাকির হোসেন জানান, আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেকে প্রাইভেট পড়াতে না পারার কথা শিক্ষককে জানিয়েছিলেন। তাঁর দাবি, এরপর থেকেই ছেলেকে মারধর করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করাতে ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রয়োজন, যা বহন করা তাঁর পক্ষে কঠিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেছেন।
অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি; তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, ঘটনার তদন্তে তিনজন সহকারী শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সভা ডাকা হলেও অভিযুক্ত শিক্ষক উপস্থিত হননি। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে; অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ান কি না, তা-ও খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।