
পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলা, বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি প্রতিরোধ এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে নজরদারি জোরদার করা হয়েছে। অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।