
চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা ও সেবার মাধ্যমে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, চিকিৎসকরা তাঁদের নিজস্ব পেশাগত পরিচয়ে পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগাতে পারেন না। তাই পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশের চিকিৎসকরা বিশ্বের অন্য যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশে কম নন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এ চিকিৎসাব্যবস্থা কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হলে অনেক জটিল রোগ থেকে সহজেই সুস্থতা ফিরে পেতে পারবেন রোগীরা।