
দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পূর্বনির্ধারিত সিলেটমুখী লংমার্চ স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। শুক্রবার (১৩ নভেম্বর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে লংমার্চ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কর্মসূচির নতুন তারিখ নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিল ১১ দলীয় ঐক্য। এরই মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনামুখী তিনটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। শেষ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেটিও স্থগিত করা হয়েছে।