
সবশেষ চার টেস্টে বাজে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক ভুলগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। এখন সামনে ভালো করার দিকেই মনোযোগ সবার।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়ে শান্ত বলেন, সেখানে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। তাই পেস বোলারদের দায়িত্ব বেশি থাকবে। পাশাপাশি অভিজ্ঞ স্পিনাররা সহযোগিতা করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। তাঁর মতে, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালোভাবে ম্যাচে লড়াই করা যাবে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে অতীতে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, পুরো দল বিশ্বাস করে সেখানে ভালো ক্রিকেট খেলা সম্ভব। বোলিং বিভাগও ভালো করছে। শুধু একটি বা দুটি ইনিংস কিংবা সিরিজ দিয়ে বোলারদের বিচার করা উচিত নয়। আসন্ন সিরিজে নতুন বল থেকে শুরু করে সব পর্যায়েই বোলাররা ভালো করবেন বলে আশা তাঁর।