
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অতীত পরিসংখ্যান ও ফিফা র্যাংকিংয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ম্যাচটি। ২০২৩ সালের আসরেও সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কুয়েতের গোলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
অন্যদিকে, আট বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের তৃতীয় সেমিফাইনাল। সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত সাফের ফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নতুন ইতিহাস গড়ার সুযোগ।
সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সাতবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে তিনটিতে, পাকিস্তান দুটিতে; বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের ছয়টি এবং ড্র চারটি। ফিফা র্যাংকিংয়েও এগিয়ে বাংলাদেশ। ১৮২তম অবস্থানে থাকা বাংলাদেশের বিপরীতে পাকিস্তানের অবস্থান ১৯৭তম।