
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে সরকারি চাল কেনাবেচার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সরেজমিনে বাজারের একটি দোকানে বিপুল পরিমাণ চালের বস্তা মজুদ থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, এসব বস্তার মধ্যে সরকারি চালের বস্তাও রয়েছে। এ সময় শ্রমিকদের চালের বস্তা সরিয়ে অন্যত্র নিতে দেখা যায়।
এ বিষয়ে তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় এক ব্যক্তিকে হাত দিয়ে ছবি তুলতে নিষেধ করতেও দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, ওই দোকানদার এর আগেও সরকারি চাল কেনার অভিযোগে কারাভোগ করেছেন। এরপরও তিনি আবার একই কাজে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বান্দাইখাড়া বাজারে এভাবে সরকারি চাল কেনাবেচা চলছে। তাঁরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।