
সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ অবস্থানকালে তাঁকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিজিবির বিওপিতে রয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।