
শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। সেই অনুযায়ী বর্তমান সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। শ্রমিক প্রতিনিধি মনোনয়নের পরদিনই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অর্থনীতিতে চাপ থাকলেও সরকার এ কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি। শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমেই নতুন মজুরি কাঠামো নির্ধারিত হবে।
জোনায়েদ সাকি বলেন, শিল্প ও কলকারখানার বিকাশে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের পাশে অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। এ সময় তাঁর নেতৃত্বে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।