
প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে থানায় গিয়ে ফের হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলটির দাবি, বেশ কয়েক দিন ধরেই ডা. মিতুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি থানায় গেলে তাঁর মুঠোফোনে একটি বাংলাদেশি নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ফোনে মিতুর হাতুড়ি দিয়ে হাত ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। জবাবে মিতুও হুমকিদাতাকে দেশে এসে কথা বলতে বলেন। এ সময় তাঁকে উদ্দেশ করে বেশ কিছু অশালীন কথাও বলা হয়।