যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় দশম শ্রেণির এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ অভিযুক্ত অভিভাবককে আটক করে। আটক ইউনুস আলী শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। একটি সূত্র জানায়, তিনি ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তবে তাঁর দলীয় কোনো পদ-পদবি নেই।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল দেওয়া হয়। ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় আরফিন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না জেনে ইউনুস আলী প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে কোনো কথা না বলেই তাঁকে চড় মারতে শুরু করেন। পরে বিদ্যালয় থেকে ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ সহকারী শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামে এক স্থানীয় নেতা নানা সময় বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে কটূক্তি করে থাকেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক চেয়ারে বসা অবস্থায় হঠাৎ ঢুকে ইউনুস আলী তাঁর গালে চড় মারেন। অন্য শিক্ষকেরা এসে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে কক্ষে এসে ইউনুস আলীর স্ত্রী ও নয়নকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।