November 19, 2026, 3:56 pm

মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে নাশকতার চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছিলেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান।

আটক ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রামের পূর্ব ডেকরা এলাকার কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে মো. হাসান (২০), জয়চাঁদপুর এলাকার মৃত শহিদের ছেলে মো. সজিব, ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রামের আশফালিয়া এলাকার সাইফ উদ্দিনের ছেলে মো. ইলহাম (১৫) এবং ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকার আলমগীরের ছেলে আল আমিন (১৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকামুখী মহাসড়কের ওই এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত জড়ো হয়।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় দাহ্য পদার্থ (মবিল) নিয়ে এসে মহাসড়কের টায়ারে আগুন ধরানোর চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার মোবাইল-৩ ডিউটি অফিসার এসআই শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার