November 20, 2026, 5:47 am

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে যুবদলের মশাল মিছিল

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঁশখালী পৌরসভা শাখা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাদ মাগরিব বাঁশখালী সরকারি আলাওল কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা হাতে জ্বলন্ত মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজুর রহমানের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ তমিজুর রহমান, সদস্যসচিব শহিদুল্লাহ কায়চার বাদশা, মোহাম্মদ রাসেল, শহিদুল্লাহ, মোশাররফ হোসেন, আবু বক্কর, আশেক, মাওলানা ওসমান গনী, জুনাইদ ও ছগিরসহ নেতাকর্মীরা। কর্মসূচির আগে তমিজুর রহমান নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও অরাজকতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক পরিবেশ, মানুষের মৌলিক অধিকার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তি বা সংগঠনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কাম্য নয় বলে তাঁরা মত দেন। তাঁদের ভাষ্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় যুবদল সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।



ফেসবুক কর্নার