
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বোমাটি প্রবেশপথে বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে স্থানীয়রা পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় ছিলেন। বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। বাড়িঘরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি, তবে আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসে মাহিন সরকার লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বাসায় আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তিনি জানান, বাড়িতে কেবল তাঁর মুমূর্ষু বাবা-মা থাকেন এবং তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন। তিনি এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন; তবে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।