
দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে তাকে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
আবুল কালাম শেখ বলেন, তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়েছিলেন, এ দায়িত্ব পালন করতে তিনি অপারগ এবং পদত্যাগ করেছেন। তবে বিষয়টি এলাকার সাধারণ মানুষ জানতেন না। এ কারণে গণমাধ্যমের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আবুল কালাম শেখ বলেন, তার ওপর কোনো চাপ নেই এবং তিনি কোনো ভয়ভীতির মধ্যেও নেই। নিজ সিদ্ধান্তেই পদত্যাগ করেছেন। দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।