November 20, 2026, 3:07 pm
শিরোনাম :

মঞ্জুর গাড়িতে আগুন, ঘটনায় নিন্দা ও প্রতিবাদ বিএনপির

অভয়নগর প্রতিবেদক

 

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে মঞ্জুর গাড়িতে অতর্কিতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেছে বিএনপি।

বিবৃতিতে রিজভী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের রাজত্ব ফিরিয়ে আনার লক্ষ্যে বিরোধী নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে হামলা, খুন ও জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে। এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগও সেই অপতৎপরতার অংশ বলে উল্লেখ করেন তিনি। একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, অগ্নিসংযোগ, হামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণকে ভীত করা যাবে না। জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে, একইভাবে সন্ত্রাসীদের অরাজকতা ও অপতৎপরতাও রুখে দেবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।



ফেসবুক কর্নার