November 20, 2026, 3:05 pm
শিরোনাম :

চাঁদা দাবির অভিযোগের পর নিখোঁজ, পাঁচ দিন পর পুকুরে মিলল রিফাতের লাশ

অভয়নগর প্রতিবেদক

 

চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে হত্যার অভিযোগ উঠেছে আবরাদ হাসান সজিব নামে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজের পাঁচ দিন পর রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিফাত শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তার বয়স ৩৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিফাতকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ছেলের সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের জিডি করেন। অভিযুক্ত সজিব কলেজপাড়ার বাসিন্দা ও সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। স্থানীয় মনিরুল ইসলাম জানান, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন এবং বিভিন্ন সময় মানুষকে মারধর করেছেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

ছেলের মরদেহ উদ্ধারের পর কান্নাজড়িত কণ্ঠে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলেকে সজিব হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। ছেলেটা কত কষ্ট করে ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা চেয়েছিল, না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?’ সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার অভিযোগে সজিবসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার আনিসুজ্জামানও জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



ফেসবুক কর্নার