
রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ৬টা ২৪ মিনিটে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে করে পারমাণবিক জ্বালানি (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) প্রকল্প এলাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়া বহরটি যমুনা সেতু, নাটোরের বনপাড়া ও ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় হয়ে প্রকল্প এলাকায় পৌঁছায়।
জ্বালানিবাহী বহরটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে শুক্রবার সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ পর্যন্ত আসা সাতটি চালানের মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালান রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি মোট নয়টি কার্গো চালানে দেশে আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, গত ১৭ নভেম্বর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রথম দিনেই কেন্দ্রটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে ৩৫০ থেকে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।