
নিরাপত্তা শঙ্কায় যশোরের বেনাপোল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে ভারত থেকে দেশে ফেরা যাত্রীরা বাস কাউন্টারে এসে নির্ধারিত বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অনেকে লোকাল বাস, ট্রেনসহ বিকল্প পরিবহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও কলকাতা-বেনাপোল-ঢাকা রুটের আন্তর্জাতিক বাস চলাচল করেছে।
কাউন্টার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। হানিফ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, কলকাতা-বেনাপোল-ঢাকা রুটের বাস ছাড়া অন্য পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। সোহাগ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম বলেন, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাউন্টার সূত্রে জানা গেছে, ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের বাসও বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ ও লোকাল রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে বরিশালগামী বাস চলাচল করছে। পরিবহন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।