November 20, 2026, 11:00 am
শিরোনাম :

রাঙ্গাবালীতে সংরক্ষিত বন দখলের অভিযোগ, বিপাকে বন বিভাগ

সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

 

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংরক্ষিত বনাঞ্চল দখল, ঝাউগাছ কাটা ও মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বন বিভাগের দাবি, খননযন্ত্র দিয়ে গাছ উপড়ে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ এবং তরমুজ চাষের জমি তৈরির চেষ্টা চলছে। উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী বিটের চরসাইনবোর্ড এলাকায় ৪১৫ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। পাশাপাশি ২০২১-২২ অর্থবছরে সেখানে ১০ হেক্টর জমিতে ঝাউবাগান গড়ে তোলা হয়। গত ১৭ অক্টোবর মানিক মোল্লা, আরিফ মীর ও সাব্বির মীরের বিরুদ্ধে ৪০০ থেকে ৫০০টি ঝাউগাছ উপড়ে ফেলার অভিযোগে বন বিভাগ থানায় জিডি করেছে।

এর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর একই ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় ২৫ হাজার ঝাউগাছ নষ্ট ও মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগে দুটি মামলা করে বন বিভাগ। মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এদিকে জমির বন্দোবস্ত নিয়ে বন বিভাগ ও ভূমি প্রশাসনের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। বন বিভাগের দাবি, বন্দোবস্ত দেওয়া জমি সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠিও দেওয়া হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান বলেন, জমিটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্দোবস্ত বাতিলের জন্য দুবার চিঠি দেওয়া হয়েছে। তবে মানিক মোল্লার দাবি, জেলা প্রশাসক, ইউএনও ও ভূমি অফিসের অনুমতি নিয়ে ৮০ জন কৃষক জমিটি লিজ নিয়েছেন।

কাউখালী ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল আহম্মেদ খান বলেন, বনভূমি দখল ও মাটি কাটার অভিযোগে মামলা করা হয়েছে। জনবল সংকটের কারণে পুরো এলাকা নিয়মিত দেখভাল করা কঠিন। রাঙ্গাবালীর ইউএনও নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর জব্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। জমিতে চাষাবাদের অনুমতির বিষয়ে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, বনভূমি ও খাসজমির সীমানা জরিপ, বন্দোবস্তের বৈধতা তদন্ত এবং সংরক্ষিত বন রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।



ফেসবুক কর্নার