November 20, 2026, 10:52 am
শিরোনাম :

পীর সাহেব চরমোনাইর বক্তব্য বিকৃত না করার আহ্বান

আনোয়ার হোসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম, ফটোকার্ড ও ব্যাখ্যা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, বক্তব্যের খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির সমালোচনা করেছেন। দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিরসন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন। তাঁর বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান বা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার ধারণা তৈরি করা হচ্ছে, যা বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে গণমাধ্যমকে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা করে সংবাদ প্রকাশ এবং ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার না করার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয়। দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার