
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। তার পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ শেষ করে দেওয়া এবং কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে একাধিক বার্তা পাঠানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পরিচয়ে এসব হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে বার্তাগুলো পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোড যুক্ত একটি নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যবহারকারী এসব বার্তা পাঠান। একটি বার্তায় ইংরেজিতে ওসির পরিবারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তিনি আগের মতো কাজ চালিয়ে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। একই বার্তায় বাংলায় পরিবারের সদস্যদের ক্ষতি ও বংশ শেষ করার হুমকি দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতার না করার সতর্কবার্তা দেওয়া হয়।
অন্য একটি বার্তায় ওসিকে জোরারগঞ্জ থানার কার্যক্রম ও নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকার হুমকি দেওয়া হয়। অন্যথায় রক্ষা নেই এবং কাফনের কাপড় প্রস্তুত রাখার মতো ভয়াবহ ভাষা ব্যবহার করা হয়। এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।