
এম এ মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও পাঁচ সদস্য পালিয়ে যান। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় নিয়ামতপুর থানা পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ সূত্র জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছে। এ তথ্যে পুলিশ গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। গ্রেপ্তাররা হলেন নওগাঁ সদরের ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘির শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদরের চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।
পুলিশের তথ্যমতে, রেজাউলের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ আটটি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি এবং রিমনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। পলাতকদের শনাক্তে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং থানায় মামলার প্রক্রিয়া চলমান। ওসি মাহবুবুর রহমান বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।”