
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই দশক রাজপথে থাকা সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল এখন জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সময় সাতটি মামলার বোঝা নিয়ে হামলা-মামলার মুখে পড়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর তিনি এলাকা ছাড়তে বাধ্য হন। বর্তমানে যশোরের টালিখোলায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন। ২০১৮ সাল থেকে তিনি যশোর শহরে ইজিবাইক চালাচ্ছেন।
দীর্ঘদিন ইজিবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় তাঁর কোমর ও মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, কিন্তু অর্থের অভাবে সঠিক চিকিৎসা হয়নি। উপার্জনের প্রায় সবটুকু তিনি সন্তানদের পড়াশোনায় ব্যয় করেন। বড় ছেলে সাজিদ হাসান রিফাত সরকারি এমএম কলেজে ইংরেজিতে অনার্সে পড়ছেন, ছোট ছেলে সোয়াদ হাসান রাফিন পুলিশ লাইনস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। মুকুল বলেন, “ছাত্রদল আমাকে পরিচয় দিয়েছে। ক্ষমতার রাজনীতি করিনি, সৎ পথে থেকেছি। দলের কাছে ব্যক্তিগত কিছু চাওয়ার নেই; কেবল বড় ছেলেটার একটা চাকরি হলে আবার গ্রামে ফিরে রাজনীতিতে নামার ইচ্ছা আছে।” ছেলের দেওয়া প্রাইভেট পড়ার জমানো টাকায় ঢাকায় গিয়ে তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন বলেও জানান।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, যিনি মুকুলের সময় উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, বলেন, “মুকুল অত্যন্ত সৎ ও ত্যাগী নেতা ছিল। ডজনখানেক মামলার কারণে তাকে এলাকা ছাড়তে হয়। তবু এখনো যশোর থেকে এসে দলীয় কর্মসূচিতে যোগ দেয়। তার পরিবারের পাশে দলের দাঁড়ানো উচিত।” মুকুলের ইজিবাইক চালানোর খবর জেনে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁকে ডেকে এনে আর্থিক সহায়তা দিয়েছেন এবং তাঁর দুই ছেলের পড়ালেখার দায়িত্বও নিয়েছেন।