
চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে মাস্টারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন ঐশি দে। ঐশির অভিযোগ, বিয়ে না হওয়ায় তিনি পৈতৃক সম্পত্তিতে অংশ পাননি। তার ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন। বিষয়টি সমাধানে পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম প্রধান শিক্ষক শ্যামল দেকে দায়িত্ব দেন। ঐশির দাবি, সমাধানের বিনিময়ে শ্যামল দে হোয়াটসঅ্যাপে তাকে একসঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন।
এ অভিযোগের পর ঐশি দে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন। পরে তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন। এর জবাবে গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন শ্যামল দে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সংসদ সদস্যের নির্দেশে পারিবারিক বিরোধ সমাধানের চেষ্টা করলেও ঐশির মা ও ভাই তার প্রস্তাবিত সমাধানে রাজি হননি। হোয়াটসঅ্যাপে কোনো চ্যাটিং হয়নি বলেও দাবি করেন তিনি। স্ক্রিনশট পরীক্ষায় সত্য প্রমাণিত হলে পটিয়াবাসীর বিচার মেনে নেবেন বলে জানান শ্যামল দে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে ঐশি দে শ্যামল দের দেওয়া চ্যালেঞ্জকে স্বাগত জানান। তিনি দাবি করেন, শ্যামলের প্রস্তাবে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধের সমাধান হয়নি। একই ইউনিয়নের বাসিন্দা শ্যামল দেকে তিনি চাচা বলে সম্বোধন করতেন উল্লেখ করে ঐশি বলেন, তার কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করেননি। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।