
নড়াইলের কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় রিজভী বলেন, যারা একবার রক্তের স্বাদ পেয়েছে, তারা রক্ত ছাড়া থাকতে পারে না। দেশ ছেড়ে পালিয়েও তাদের রক্তের নেশা থামেনি। তার অভিযোগ, দেশের ভেতরে থাকা অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কালিয়ার শাহীন মোল্যা ও সোহেল মোল্যা সেই নির্মমতার শিকার।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সেদিন শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করা হয়েছিল ক্ষমতা ধরে রাখার জন্য। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবেই এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপির মোটরসাইকেল মিছিল বেন্দারচর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা নিহত হন। এ ঘটনায় এখনো মামলা হয়নি; তবে পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে।