November 21, 2026, 12:05 pm

চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

চিকিৎসক ও জনবল সংকটে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে চক্ষু, নাক-কান-গলা (ইএনটি) ও চর্মরোগ বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন এবং অনেকে দীর্ঘ অপেক্ষার পরও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকের অনুমোদিত পদ ৭৮টি হলেও কর্মরত আছেন মাত্র ৩৩ জন। জরুরি বিভাগে আটজন চিকিৎসকের থাকার কথা থাকলেও দায়িত্বে আছেন একজন। কোনো কোনো ক্ষেত্রে ভর্তি রোগীকে চিকিৎসকের পরামর্শের জন্য ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে অভিযোগ রয়েছে। দৈনন্দিন সেবার বড় অংশ ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভর করছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর স্বল্পতাও কার্যক্রমে প্রভাব ফেলছে।
আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা যোগ দেওয়ার পর জেনারেল হাসপাতালে সংকট আরও বেড়েছে। তবে তিনি ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেন। সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা আগে জেনারেল হাসপাতালেও দায়িত্ব পালন করতেন, এখন তাঁরা সেখানে ফিরে গেছেন। এ ছাড়া জেনারেল হাসপাতালের অনেক চিকিৎসক পদোন্নতি পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিয়েছেন। তাঁর মতে, কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতাল থাকায় রোগীর চাপ তুলনামূলক কম থাকার কথা এবং বিদ্যমান জনবল যথাযথভাবে কাজে লাগালে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
এদিকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার যন্ত্রাংশ চুরি হয়েছে বা দীর্ঘদিন নষ্ট অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ রয়েছে। হিউমিডিফায়ার বোতল ও ফ্লো-মিটারের অভাবে জরুরি প্রয়োজনে বিকল্প উপায়ে অক্সিজেন দিতে হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্টরা চিকিৎসক সংকট নিরসন, বন্ধ বিভাগ চালু, জরুরি বিভাগে চিকিৎসক নিয়োগ এবং অক্সিজেন ব্যবস্থা দ্রুত সচল করার দাবি জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার